1
2
| প্রকাশের তারিখঃ ০৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নেত্রকোনায় বিশ্ব স্বাস্থ্য দিবস হাম ও ডেঙ্গু প্রতিরোধে হস্তক্ষেপের দাবি
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনায় বিশ্ব স্বাস্থ্য দিবস হাম ও ডেঙ্গু প্রতিরোধে হস্তক্ষেপের দাবি
মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা। নেত্রকোনা ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে এক বিশাল মানববন্ধনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা স্থানীয় পর্যায়ে হামের প্রাদুর্ভাব ও মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের দাবি জানান।
নেত্রকোনা ‘স্বাস্থ্য অধিকার ফোরাম’ ও ‘স্বাস্থ্য অধিকার যুব ফোরাম’ আয়োজিত এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে ‘স্বাবলম্বী উন্নয়ন সমিতি’ (সাস), বাংলাদেশ হেলথ ওয়াচ এবং সুইডেন সরকার।
বক্তাদের উদ্বেগ ও দাবি: বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চুর সভাপতিত্বে ও মো. আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তারা দেশের স্বাস্থ্য খাতের নাজুক চিত্র এবং স্থানীয় সংকটগুলো তুলে ধরেন।
হাম ও টিকা সংকট: বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, “নেত্রকোনায় শিশুদের মাঝে ব্যাপকভাবে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের দ্রুত মাঠে নামতে হবে এবং প্রতিটি বিদ্যালয়ে টিকাদান কর্মসূচি জোরদার করতে হবে। একইসঙ্গে জেলা উদীচীর সভাপতি মো. মোস্তাফিজুর রহমান খান টিকার অপ্রতুলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বাজেট বৃদ্ধি: সভাপতির বক্তব্যে মোজাম্মেল হক বাচ্চু বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ বিকাশের স্বার্থে স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ বাড়ানো এখন সময়ের দাবি।
মশক নিধন: পৌর এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ড্রেন পরিষ্কার ও মশক নিধনের বর্তমান কার্যক্রমকে ‘অপ্রতুল’ উল্লেখ করে দ্রুত কার্যকর ওষুধ ছিটানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
অবসরপ্রাপ্ত অধ্যাপক ননী গোপাল সরকার হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও চিকিৎসকদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করার ওপর গুরুত্বারোপ করেন।
১০ দফা দাবি উত্থাপন: মানববন্ধন থেকে দেশের স্বাস্থ্যসেবাকে শক্তিশালী ও জবাবদিহিমূলক করতে ‘বাংলাদেশ হেলথ ওয়াচ’-এর পক্ষ থেকে ১০টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধ।
২. পরবর্তী মহামারি মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ।
৩. পশুখাদ্যে অনিয়ন্ত্রিত ওষুধের ব্যবহার নিয়ন্ত্রণ।
৪. স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি (বিশেষ করে প্রাথমিক, মাতৃ ও শিশু স্বাস্থ্য)।
৫. অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণ ও প্রাপ্যতা নিশ্চিতকরণ।
৬. চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা ও উন্নত আবাসন নিশ্চিত করা।
কর্মসূচিতে নেত্রকোনার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ‘টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স’ স্লোগানকে ধারণ করে বৈজ্ঞানিক ভিত্তিতে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা