1
2
| প্রকাশের তারিখঃ ০৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণ ও শিক্ষক বৃদ্ধির দাবিতে হাতিয়ায় মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণ ও শিক্ষক বৃদ্ধির দাবিতে হাতিয়ায় মানববন্ধন
জিএম ইব্রাহীম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর হাতিয়া উপজেলার চর আমানউল্যাহ এলাকায় অবস্থিত হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণ এবং শিক্ষক সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিদ্যালয় মাঠে সাবেক শিক্ষার্থী এসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, রকিব, ফিরোজ, শামীম, রাসেল, ইসমাইল সহ বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীরা।
বক্তারা বলেন, এই হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয় অনেক প্রাচীন এবং স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এই ইউনিয়নে অনেকগুলো স্কুল ছিলো যার সবগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায়। শুধু মাত্র এই বিদ্যালয়টি এখনো টিকে আছে। এটারও একটি অংশ অন্য ইউনিয়নের স্থানান্তরিত করা হয়েছে। কিছু কিছু কুচক্রী মহল এ বিদ্যালয়টি পুরোপুরি অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এই বিদ্যালয়টা যদি এখানে না থাকে তাহলে এই ইউনিয়নের শত শত শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হবে।
তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও স্থায়ী অবকাঠামোর অভাবে শিক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষক সংকটের কারণে নিয়মিত ও মানসম্মত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের জন্য একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, প্রয়োজনীয় সংখ্যক যোগ্য শিক্ষক নিয়োগ এবং শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করা না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
মানববন্ধনে উপস্থিত সবাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা