1
2
| প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রামগড়ে গুচ্ছগ্রামবাসীর ভূমি উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
রামগড়ে গুচ্ছগ্রামবাসীর ভূমি উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাহমুদুল হাসান,রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে গুচ্ছগ্রামবাসীদের রেকর্ডীয় ভূমি উদ্ধার ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় রামগড় বাজারে ‘গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটি’ ও ‘পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ’ রামগড় উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে বক্তারা অভিযোগ করেন, রামগড়ের বাটনাশিবির, থানাচন্দ্রপাড়া ও লালছড়ি এলাকায় বিভিন্ন স্থান থেকে পরিবার এনে গুচ্ছগ্রামবাসীদের রেকর্ডীয় ভূমি দখল করে বসতি নির্মাণ করা হয়েছে। নিজেদের ভূমিতে যেতে চাইলে বিভিন্ন সময়ে গুচ্ছগ্রামবাসীরা হামলা ও মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
কর্মসূচি থেকে গুচ্ছগ্রামবাসীদের ভূমি উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ভূমি উদ্ধার ও নিরাপত্তার ব্যবস্থা করার জন্য প্রশাসনকে সাত দিনের সময়সীমা বেঁধে দেন বক্তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমদ, রামগড় উপজেলা শাখার সভাপতি ইউনুছ ভূঁইয়া, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক ছরোয়ার হোসেন রিয়াদ।
এ ছাড়া গুচ্ছগ্রামবাসীদের মধ্যে সাহেব উল্লাহ, আবু আহমদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা গুচ্ছগ্রামবাসীদের ভূমি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা