1
2
| প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নওগাঁয় উৎসবমুখর পরিবেশে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল
নিজস্ব প্রতিবেদক
নওগাঁয় উৎসবমুখর পরিবেশে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল
মান্দা থানা পুরুষ বিভাগে ও নওগাঁ সদর মডেল থানা নারী বিভাগে চ্যাম্পিয়ন
মোঃ মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধি, নওগাঁ
নওগাঁয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নওগাঁ জেলার ঐতিহ্যবাহী নওজোয়ান মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
চ্যাম্পিয়নশিপে নওগাঁ জেলার ১১টি পুরুষ দল ও ৩টি নারী দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে পুরুষ বিভাগে মান্দা থানার দল এবং নারী বিভাগে নওগাঁ সদর মডেল থানার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় এবং জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর পরামর্শক্রমে চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় নওগাঁ জেলার বিভিন্ন এলাকার আগ্রহী, মেধাবী ও উদ্যমী অনূর্ধ্ব-২০ বছর বয়সী নারী ও পুরুষ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। নির্বাচিত খেলোয়াড়দের নির্ধারিত ফরমে নিবন্ধন সম্পন্ন করা হয়। পাশাপাশি প্রতিটি খেলা শেষে সংযুক্ত খেলোয়াড় মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।
চ্যাম্পিয়নশিপ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং কমিটি ও জেলা ক্রীড়া সংস্থা।
ফাইনাল খেলা উপভোগ করতে নওগাঁর বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার দর্শক নওজোয়ান মাঠে উপস্থিত হন। বিপুল দর্শকের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে, সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা