1
2
| প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বদরগঞ্জে জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে হামলার অভিযোগ, থানায় এজাহার
নিজস্ব প্রতিবেদক
বদরগঞ্জে জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে হামলার অভিযোগ, থানায় এজাহার
ফারুক হোসেন নয়ন বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের বদরগঞ্জে জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে এক নারীকে মারধর, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছা. মাহফুজা বেগম নামে এক নারী বদরগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।
থানায় এজাহার সূত্রে জানা যায়, মাহফুজা বেগম উপজেলার তালুক দামোদরপুর ইউনিয়নের মাদারীপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, তালুক দামোদরপুর মৌজায় তার মালিকানাধীন জমিতে গত ২৭ সেপ্টেম্বর সকালে প্রায় ২৩০টি আকাশমণি গাছের চারা রোপণ করেন। এ সময় মোঃ আবুল হোসেন (চৈতা), মোঃ মোক্তারুল (৩৮), মোঃ মোকাদ্দেছ আলী (২৮) সহ ৩-৪ জন ওই জমিতে অনধিকার প্রবেশ করে গাছ লাগাতে বাধা দেন এবং তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, পরদিন (২৮ সেপ্টেম্বর) সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান, রাতের কোনো একসময় রোপণ করা প্রায় ২৩০টি গাছের চারা এবং বাঁশের খুঁটি উপড়ে ফেলা হয়েছে। এতে তার আনুমানিক ১৫ হাজার ৫০০ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
পরে বিষয়টি নিয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা লাঠি ও লোহার রড নিয়ে তার জমিতে প্রবেশ করে মারধর করেন বলে অভিযোগ করেন মাহফুজা বেগম। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা, চুলের মুঠি ধরে টানাহেঁচড়া এবং পরনের কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগও করা হয়েছে। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
আলমগীর হোসেন বলেন, ঘটনার দিন মারধরের শিকার হন মাহফুজা বেগম। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে। পরে আহত অবস্থায় তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে অভিযুক্ত আবুল হোসেন বলেন, জমিটি আমরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছি। আদালতে মামলা চলমান রয়েছে। হঠাৎ করে তারা এসে জমিতে গাছের চারা লাগিয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার জানান, জমি নিয়ে বিরোধের পূর্বে অভিযোগ হয়েছিল। মারধরের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা