নেত্রকোণায় নারী মাদক কারবারির কারাদণ্ড ও অর্থদণ্ড
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোণা।
নেত্রকোণার খালিয়াজুরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে হাসেনা আক্তার (৪৪) নামে এক নারী মাদক কারবারিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লঞ্চঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত
হাসেনা আক্তার ওই এলাকার জয়নাল মিয়ার স্ত্রী। আদালত তাকে তিন মাসের কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাদির হোসেন শামীমের নেতৃত্বে পুলিশি অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ সদস্যরা ছদ্মবেশে অবস্থান নেন। রাত ৯টার দিকে লেপসিয়া লঞ্চঘাট এলাকা থেকে হাসেনা আক্তারকে গাঁজা ও ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এই দণ্ড দেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীম বলেন, "মাদকমুক্ত খালিয়াজুরী গড়ার লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, লঞ্চঘাট এলাকায় সন্ধ্যার পর মাদক কারবারিদের তৎপরতা বৃদ্ধি পায়। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই নারীকে মাদকসহ আটকের পর দণ্ড প্রদান করা হয়েছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত হাসেনাকে আজ শনিবার সকালে নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :