ad728

পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতাকে গুলি করে হত্যা‎


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতাকে গুলি করে হত্যা‎
‎পানছড়ি প্রতিনিধি : 
‎পার্বত্য  খাগড়াছড়ি জেলা-র পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজাতীয় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)–এর এক শীর্ষ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
‎শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার উল্টাছড়ি ইউনিয়ন-এর মানিক্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নীতিদত্ত চাকমা (৫৮) ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন।
‎স্থানীয় ও দায়িত্বশীল সূত্রে জানা যায়, সকালে মানিক্যপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে নীতিদত্ত চাকমা পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি মেলা নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় মুখে কাপড় বাঁধা কয়েকজন সশস্ত্র ব্যক্তি তিনটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ করে হামলাকারীরা দ্রুত রাবার ড্যাম এলাকার দিকে পালিয়ে যায়।
‎স্থানীয়দের ধারণা, আভ্যন্তরীণ আধিপত্য বিস্তার ও পূর্বের শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তাদের মতে, হামলাকারীরা প্রতিদ্বন্দ্বী সংগঠন ইউপিডিএফ (মূল)–এর সদস্য হতে পারে।
‎গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত নীতিদত্ত চাকমাকে সংগঠনের কর্মী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি শহরের পার্ক সাইড হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎নিহত নীতিদত্ত চাকমা পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়ন-এর বাসিন্দা বর্ন চাকমার ছেলে। বর্তমানে তিনি উল্টাছড়ি ইউনিয়নের সূতকর্মা পাড়ায় বসবাস করতেন।
‎ঘটনাটি পার্বত্য চট্টগ্রামে সক্রিয় বিভিন্ন আঞ্চলিক সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে পাহাড়ে এ ধরনের সশস্ত্র তৎপরতা ও হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
‎এদিকে ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।
‎এ বিষয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে তিনি শিগগিরই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিক বক্তব্য জানাবেন বলে নিশ্চিত করেছেন।
‎পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ