মাটিরাঙ্গায় সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোমতি ইউনিয়ন একাদশ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
মাটিরাঙ্গায় সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোমতি ইউনিয়ন একাদশ
খাগড়াছড়ি প্রতিনিধি :
শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এ শ্লোগানকে সামনে রেখে যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মাসুদ খান বলেছেন, খেলাধুলার মাধ্যমে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ যুব সমাজকে উজ্জীবিত করতে হবে। সুস্বাস্থ্য ও সুন্দর মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই লেখাপড়ার পাশাপাশি কিশোর, তরুন ও যুবকদের মাঠে ফেরাতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ফুটবল টুর্নামেন্ট ভুমিকা রাখবে মন্তব্য করে তিনি বলেন, এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবী ও সন্ত্রাসী তৈরি হবেনা।
রোববার (৩০ আগস্ট) বিকালের দিকে মাটিরাঙ্গা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, গুইমারা রিজিয়নের জিটুআই মেজর জিয়াউর রহমান, মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ও মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার ছাড়াও ছাড়াও সামরিক-বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-সাংবাদিক এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
হাজারো দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্ধিতাপুর্ণ ফাইনাল খেলায় টুর্নামেন্টের অপরাজিত ফাইনালিস্ট বেলছড়ি ইউনিয়ন একাদশ ও গোমতি ইউনিয়ন একাদশ চ্যাস্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়। টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে অপ্রতিরোধ্য বেলছড়ি ইউনিয়ন একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গোমতি ইউনিয়ন একাদশ।
টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা বেলছড়ি ইউনিয়ন একাদশের আব্দুল্লাহ আল মামুন, সেরা খেলোয়াড় গোমতি ইউনিয়ন একাদশের আসাদ ভুইয়া, সেরা গোলকিপার বেলছড়ি ইউনিয়নের জহিরুল ইসলাম ও ম্যান অব দি ম্যাচ গোমতি ইউনিয়ন একাদশের উজ্জল ত্রিপুরা।
পরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি প্রাইজমানি তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মাসুদ খান।
টুর্নামেন্টের মধ্য বিরতিতে ২০২৬ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মাসুদ খান।
প্রসঙ্গত, মাটিরাঙ্গা পৌরসভা ও পাঁচটি ইউনিয়নসহ ৬টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে গেল ১৯ আগস্ট টুর্নামেন্টের শুরু হয়। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মাসুদ খান টুর্নামেন্টের উদ্বোধন করেন।
আপনার মতামত লিখুন :