সাংবাদিকদের নি'কৃ'ষ্ট জাতি বলে ক'টা'ক্ষ করলেন ফারিয়া'র সদস্য হাসানুল হক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিকদের নিকৃষ্ট জাতি বলে কটাক্ষ করলেন ফারিয়া'র সদস্য হাসানুল হক
খাগড়াছড়ি প্রতিনিধি :
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবির আড়ালে প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১১ মে) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি চত্বরে ফার্মাসিটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন-ফারিয়া'র ব্যানারে এক প্রতিবাদী মানববন্ধনে এই ঘটনা ঘটে।
গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘দালালবিরোধী’ অভিযানে বেশ কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাটিরাঙায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ফার্মাসিটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন -ফারিয়া'র মাটিরাঙ্গা উপজেলা শাখার সাবেক সভাপতি মো. হাসানুল হক সাংবাদিকদের 'দালাল' আখ্যা দিয়ে বলেন, সাংবাদিকরা বাংলাদেশের নিকৃষ্ট জাতি, তারা দালালি করে খায়। এ সময় তিনি আরও আক্রমণাত্মক ভাষায় বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা যদি দালাল হয়, তবে, সাংবাদিক, ইউএনও- ওসিসহ বাংলাদেশের সকল পেশাজীবীই দালাল।
বির্তকিত এই বক্তব্য প্রদানকারী মো. হাসানুল হক কুমুদিনী ফার্মাসিউটিক্যালের প্রতিনিধি। তিনি মাটিরাঙা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন।
এমন উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাটিরাঙা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল বলেন, হাসানুল হক বাংলাদেশের সাংবাদিক ও প্রশাসনকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধৃষ্টতার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীতি পিয়া জানান, তিনি কর্মস্থলে নতুন যোগদান করেছেন। তবে বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। নিজস্ব সূত্রের মাধ্যমে বিস্তারিত জেনে এবং জেলা প্রশাসকের সাথে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
এদিকে, তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়। এমন কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যেমূলক মানহানিকর বক্তব্যের নিন্দা জানিয়েছেন মাটিরাঙ্গা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। এমন কুরুচিপুর্ণ বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য আহবান জানান তারা।
আপনার মতামত লিখুন :