পরকিয়ার অভিযোগে শালিসের নামে নির্মম নির্যাতন, অপমান সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা-
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
পরকিয়ার অভিযোগে শালিসের নামে নির্মম নির্যাতন, অপমান সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা-
মোঃ শামসুল হক ইমন
স্টাফ রিপোর্টার- ময়মনসিংহ।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পরকিয়ার অভিযোগ তুলে শালিসের নামে এক গৃহবধুকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অপমান ও নির্যাতন সইতে না পেরে ওই গৃহবধু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দের নগর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, চান্দের নগর গ্রামের আলী হোসেনের স্ত্রীর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ এনে গতকাল দুপুরে তার নিজ বাড়িতে তথাকথিত শালিস দরবার বসানো হয়। শালিসে উপস্থিত ছিলেন স্থানীয় মাতাব্বর নজর হোসেন ও হেলাল উদ্দিন হেলাল। অভিযোগ রয়েছে, শালিস চলাকালে ওই গৃহবধুকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ সময় তার স্বামী আলী হোসেনকেও মারধর করা হয়।
পরকিয়ার অভিযোগটি করেন পাশের বাড়ির আঃ মালেকের স্ত্রী। শালিসের নামে প্রকাশ্যে অপমান, নির্যাতন ও মানসিক চাপ সইতে না পেরে ওই রাতেই নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন গৃহবধু।
খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত গৃহবধুর পরিবার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
ধোবাউড়া থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :