চবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘গ্র্যাজুয়েট সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘গ্র্যাজুয়েট সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত
আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)-এর যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে ‘গ্র্যাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। “প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় বিভাগের সম্মেলন কক্ষে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী এবং ডিআইআরআই-এর ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, বিশ্ব পরিবেশ দিবসের আয়োজনে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সুফিবাদ তথা আধ্যাত্মিকতাকে যুক্ত করার উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধেরও প্রয়োজন রয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন ও জিআইএস নিয়ে গবেষণা করলেও পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করা এখনও বড় চ্যালেঞ্জ। তবে শিক্ষার্থীদের পোস্টার উপস্থাপন ও সচেতনতামূলক কার্যক্রম তাঁকে আশাবাদী করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে মানবজাতির অস্তিত্বের অন্যতম বড় হুমকি। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এ ঝুঁকির শীর্ষে থাকা দেশগুলোর একটি। তিনি পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মো. বরকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিম্পোজিয়ামের আহ্বায়ক প্রফেসর ড. মো. ইকবাল সরোয়ার। এছাড়া বক্তব্য দেন ডিআইআরআই-এর মেম্বার সেক্রেটারি ড. সাইফুল ইসলাম আচফিয়া।
মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন প্রফেসর ড. অলক পাল, প্রফেসর ড. মুহাম্মদ মুহিববুল্লাহ, প্রফেসর ড. মো. আতিকুর রহমান, প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন, প্রফেসর ড. মো. শাহীনুল রহমান, প্রফেসর ড. এ. এইচ. এম. রায়হান সরকার, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শের মাহমুদ, বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেছা চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. তাজ সুলতানা ও প্রভাষক মোহাম্মদ আলী। সিম্পোজিয়ামের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চলমান HEAT (Higher Education Acceleration and Transformation) উপ-প্রকল্পের সৌরবিদ্যুৎ ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয় ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।
পরিদর্শনকালে প্রকল্পের এসপিএম প্রফেসর ড. অলক পাল, এএসপিএম-১ প্রফেসর ড. মুহাম্মদ মুহিববুল্লাহ, এএসপিএম-২ প্রফেসর ড. মো. আতিকুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব মোর্শেদ এবং বিভাগীয় সভাপতি প্রফেসর ড. কাজী মো. বরকত আলী উপ-উপাচার্যকে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখান।
আপনার মতামত লিখুন :