সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে, রংপুরে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে, রংপুরে মির্জা ফখরুল
রংপুর ব্যুরো:
বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব অথবা মানসিকতা সেভাবেই তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব নিয়েছেন। দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে। দল সিদ্ধান্ত নেবে, কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। আজ ২৭ জুলাই সোমবার সকালে রংপুর বাস টার্মিনাল এলাকায় নির্মিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবি’র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিতি আরও বলেন বিএনপি একটি গণতান্ত্রিক, উদারপন্থী রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোট নিয়ে সংসদে দুই-তৃতীয়াংশ আসন লাভ করে সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচ-পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না তা তাদের দলের নেতারাই বিবেচনা করবেন। মির্জা ফখরুল বলেন, উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা । এরপর মন্ত্রী রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লী মেলার উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন। পরে তিনি রংপুর শিল্পকলা একাডেমি মিলন আয়তনে বিআরডিবি’র সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :