কুমিল্লা চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবককে হত্যা, আটক-৩
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কুমিল্লা চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবককে হত্যা, আটক-৩
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনা চাঁদসার এলাকায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে এনে মো. মুছা নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৩ নভেম্বর) মধ্য রাতে চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে ওই ঘটনা ঘটে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুছা (২৬) উপজেলার বরকরই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিন এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- চাঁদসার গ্রামের ময়নাল হোসেন কাদুটি বাজারে মোবাইল ফোনের ব্যবসা পরিচালনা করেন। প্রায় ১০ দিন আগে ময়নাল বাজার থেকে বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে ছিনতাইকারীরা আক্রমণ করে নগদ সাড়ে ৩ লক্ষ টাকা ও কয়েকটি মোবাইল ফোন কেড়ে নেয়। ওই ঘটনায় ময়নাল মুছাকে সন্দেহ করে। মুছাও ৮-১০দিন বাড়িতে না থাকায় সন্দেহ আরও ঘনিভূত হয়। রবিবার রাতে মুছা বাড়িতে আসলে তার বাড়ির লোকজন ময়নালকে খবর দেয়। রাত আনুমানিক সাড়ে ১২টায় ময়নাল, তোফাজ্জলসহ আরও কয়েকজন এসে মুছাকে বাড়ি থেকে ধরে নিয়ে গণপিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার।
এদিকে, ঘটনাস্থলে মুছার মৃত্যুর পর মরদেহ ফেলে আত্মগোপনে চলে যায় হামলাকারীরা।
ব্যবসায়ী ময়নাল হোসেন এর চাচাতো ভাই ইউপি সদস্য সামির হোসেন জানান- গত ১০-১২ দিন আগে ময়নালকে রাতের অন্ধকারে আটক করে সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র। এসময় ময়নালকে বৈদ্যুতিক সক দিয়ে তার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মুছাকে পিটিয়ে হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- এ সময় আমি বাড়িতে ছিলাম না। শুনেছি মুছার বাড়ির লোকজনই ময়নালদের ফোন করে খবর দিয়ে ধরিয়ে দিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান- ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে প্রাথমিক ভাবে ৩জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম ও পরিচয় দেয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।
আপনার মতামত লিখুন :