ad728

সময়ের আগেই স্কুল ছুটি, ৬ শিক্ষক ও দফতরিকে শোকজ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

সময়ের আগেই স্কুল ছুটি, ৬ শিক্ষক ও দফতরিকে শোকজ
হবিগঞ্জ প্রতিনিধি

সময়ের আগেই স্কুল ছুটি, ৬ শিক্ষক ও দফতরিকে শোকজ
হবিগঞ্জের বাহুবল উপজেলার হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্ধারিত সময়ের অনেক আগেই শিক্ষার্থীদের ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে বিদ্যালয়ের ছয়জন শিক্ষক ও একজন দফতরিকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সরকারি তথ্য অনুযায়ী, বিদ্যালয়ের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত চলার কথা। কিন্তু বৃহস্পতিবার (৬ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় বিকেল ৩টার দিকেই বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। পরে বিকেল ৩টা ১৬ মিনিটে বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষিকা ও একজন সহকারী শিক্ষিকাকে পাওয়া গেলেও শ্রেণিকক্ষগুলোর সব দরজা তালাবদ্ধ ছিল।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কনা রানী বলেন, ‘আমার নিকট আত্মীয় মারা যাওয়ায় আজ বিদ্যালয় আগে ছুটি দেওয়া হয়েছে।’

জানা গেছে, বিদ্যালয়ে মোট সাতজন শিক্ষক কর্মরত রয়েছেন। তবে বিদ্যালয় নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়ার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে পূর্ব থেকে অবহিত করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এ বিদ্যালয়ে প্রায়ই সরকারি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টারও বেশি আগে ছুটি দেওয়া হয়। শুধু তাই নয়, শিক্ষকরা নিয়মিত নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হন না এবং সময়ের আগেই বিদ্যালয় ত্যাগ করেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে এবং অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘ঘটনার সত্যতা পেয়েছি। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ার ঘটনায় রবিবার বিদ্যালয়ের ছয়জন শিক্ষক ও একজন দফতরীকে শোকজ করা হবে। তবে একজন সহকারী শিক্ষক অফিসিয়াল কাজে উপজেলা শিক্ষা অফিসে এসেছিলেন।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়রা সরকারি বিদ্যালয়ে নির্ধারিত সময় অনুযায়ী পাঠদান নিশ্চিত এবং দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ