খোদাদ্রোহীর পক্ষে বিএনপি মহাসচিবের অবস্থান জনগণ প্রত্যাখ্যান করেছে’
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খোদাদ্রোহীর পক্ষে বিএনপি মহাসচিবের অবস্থান জনগণ প্রত্যাখ্যান করেছে’
জেলা প্রতিনিধি, বরিশাল
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সাম্প্রতিক সময়ে বাউল শিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। খোদাদ্রোহী বক্তব্যকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অথচ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোদাদ্রোহীর পক্ষ নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। দেশবাসী তার এই অবস্থান ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শুক্রবার (২৮ নভেম্বর) বরিশাল সদর উপজেলার চরমোনাই মাঠে অনুষ্ঠিত মাহফিলের তৃতীয় দিন ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, প্রবাসী রেমিট্যান্সযোদ্ধারা দেশের অর্থনীতির প্রাণশক্তি। দিনরাত কঠোর পরিশ্রম করে তারা বৈদেশিক মুদ্রা পাঠিয়ে জাতীয় অর্থনীতিকে সচল রাখছেন। কিন্তু দেশের এক শ্রেণির দুর্নীতিবাজ গোষ্ঠী সেই কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে পাচার করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের সম্পদ বিদেশে নিয়ে যাচ্ছে দুর্নীতিবাজরা; বেগমপাড়া গড়ে তুলছে। দেশের মানুষ দুর্নীতিবাজ, লুটেরা ও চাঁদাবাজদের আগামীতে আর ক্ষমতায় দেখতে চায় না।
গণজমায়েতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুরের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম. হাসিবুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :