মণিরামপুর বিএনপিতে নেতৃত্বের শূন্যতা, সাংগঠনিক দুর্বলতার সুযোগে শক্ত অবস্থান গড়ছে জামায়াত”
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মণিরামপুর বিএনপিতে নেতৃত্বের শূন্যতা, সাংগঠনিক দুর্বলতার সুযোগে শক্ত অবস্থান গড়ছে জামায়াত”
আব্দুল্লাহ আল মামুন, যশোর
যশোরের মণিরামপুরে বিএনপির সাংগঠনিক সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনকে বহিষ্কারের পর থেকে দলটি কার্যত নেতৃত্বহীন হয়ে পড়েছে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীদের একটি বড় অংশ। তাদের দাবি, এই পরিস্থিতির সুযোগ নিয়ে রাজনৈতিক মাঠে নিজেদের অবস্থান আরও শক্ত করছে জামায়াতে ইসলামী।
দলীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনকে মনোনয়ন দিলেও পরে সেই মনোনয়ন পরিবর্তন করে অন্য প্রার্থীকে দেওয়া হয়। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এর জেরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।নির্বাচনের কয়েক মাস পেরিয়ে গেলেও তার বহিষ্কারাদেশ প্রত্যাহার বা সাংগঠনিক পদ পুনর্বহালের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় স্থানীয় বিএনপির মধ্যে অসন্তোষ বাড়ছে। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতৃত্বের অভাবে সাংগঠনিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে এবং কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মণিরামপুর বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি দীর্ঘস্থায়ী হলে দলটির রাজনৈতিক ভিত্তি দুর্বল হতে পারে। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তিগুলো মাঠপর্যায়ে নিজেদের প্রভাব বিস্তারের সুযোগ পাবে।
তৃণমূলের নেতাকর্মীদের একাংশ মনে করছেন, অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনের সাংগঠনিক পদ ও সদস্যপদ দ্রুত পুনর্বহাল না হলে আগামী দিনে মণিরামপুরে বিএনপির সাংগঠনিক অস্তিত্ব ও রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হয়ে পড়তে পারে।
তবে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের মতে, পরিস্থিতি সামাল দিতে দ্রুত কার্যকর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আপনার মতামত লিখুন :