মাগুরায় হারানো স্মৃতিকে ফিরিয়ে আনতে নানা বয়সী মানুষের অংশ গ্রহণে ঈদ কার্ড উৎসব
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় হারানো স্মৃতিকে ফিরিয়ে আনতে নানা বয়সী মানুষের অংশ গ্রহণে ঈদ কার্ড উৎসব
শফিকুল ইসলাম শফিক, মাগুরা :-
ঈদ কার্ড বানিয়ে খোলা উদ্যানে, শৈশবে ফিরে যাই নব উদ্যোমে- এই স্লোগানে পবিত্র ঈদ উপলক্ষ্যে মাগুরার সৃজনশীল সংগঠন ‘পরিবর্তনে আমরাই’ এবং জেলা প্রশাসনের আয়োজনে ১৪ মার্চ, ২০২৬ শনিবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ৩য় বারের মতো ‘ঈদ কার্ড উৎসব ২০২৬’।
৫ বছরের শিশু থেকে শুরু করে বয়োজেষ্ঠ্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজনটি উৎসবে পরিণত হয়।
সমবেত ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ঈদের গান "ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ " গানটির মাধ্যমে আয়োজন শুরু করে পরিবর্তনে আমরাই সংগঠনটি। মোট তিনটি গ্রুপে ১ ঘন্টা ৩০ মিনিট সময়ে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত মাঠে বসে ১৮০ জন অংশ গ্রহণকারী ঈদ কার্ড বানানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীরা তাদের নিজের মেধা মনন দিয়ে কাগজ,পুথি, আঠাসহ বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে ঈদ কার্ড তৈরি করেন।
পরিবর্তনে আমরাই সংগঠনটির সভাপতি নাহিদুর রহমান দুর্জয় জানান- "ঈদ কার্ড" নামটার সাথে আমাদের বর্তমান প্রজন্মের তেমন সখ্যতা না থাকলেও আমাদের পূর্ববর্তী প্রজন্মের কাছে এটি একটি আবেগ। তাদের কাছে ঈদ মানেই ছিল ঈদ কার্ড বিনিময়ের আনন্দ। তবে বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নতি হয়েছে, আধুনিকতার ছোঁয়া পেয়েছে সবকিছুই। কিন্তু স্মৃতিকে তো আর আধুনিক করা যায় না। দুঃখজনক হলেও এটা সত্যি যে এই আধুনিকতার নিচে চাপা পড়ে গিয়েছে আমাদের মা-বাবার সেই স্মৃতিময় ঈদ কার্ডের প্রচলন। সেই ঈদ কার্ডের শুভেচ্ছা বার্তা আজ Meta এর ভার্চুয়াল মেসেজে পরিণত হয়েছে। বর্তমান প্রজন্মের মাঝে "ঈদ কার্ড" এর আনন্দকে পুনরায় উজ্জীবিত করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
পরিবর্তনে আমরাই এর সংগঠক কঙ্কনা সাহা বলে- ঈদের আগেই ঈদ আনন্দে মেতে উঠতে আমাদের সংগঠন জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে মাগুরার সবাইকে নিয়ে ভ্রাতৃত্ববোধ ও অসাম্প্রদায়িক চেতনা বৃদ্ধির জন্য বিগত ৩ বছর ধরে ঈদ কার্ডের আয়োজন করছে।
প্রতিযোগিতা শেষে বিচারক হিসেবে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুনিরুল ইসলাম মঞ্জু, চিত্রশিল্পী আবুল কালাম আজাদ, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের চারুকলা শিক্ষক সুজল কুমার বিশ্বাস, মাগুরা জেলা শিল্পকলা একাডেমির চারুকলা প্রশিক্ষক বিপ্লব বিশ্বাস ও মাগুরা সদর উপজেলা শিল্পকলা একাডেমির চারুকলা প্রশিক্ষক বিএম সজীব ০৩ গ্রুপে মোট ০৯ জনকে বিজয়ী ঘোষণা করেন। এছাড়াও অংশগ্রহণকারী প্রায় ২০০ জনকে ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে একটি করে মেহেদী দেয়া হয়।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মাহমুদ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিয়ে বলেন, এটা একটা মহৎ উদ্যোগ। লেখাপড়ার পাশাপাশি এ ধরনের সৃজনশীল কাজের মধ্যে থাকলে ছেলে মেয়েরা নেশার পথে পা বাড়াবে না। তাছাড়া এই সংগঠনটির দেখাদেখি অন্য ছেলে মেয়েরাও আরো অন্যান্য সৃজনশীল কাজ করতে আগ্রহ প্রকাশ করবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাসির উদ্দীন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জাহিদুল আলম ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :