ad728

পূর্বধলায় সাবেক শিক্ষার্থী থেকে এমপি: নিজ বিদ্যালয়ে সংবর্ধিত মানসুরা আক্তার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পূর্বধলায় সাবেক শিক্ষার্থী থেকে এমপি: নিজ বিদ্যালয়ে সংবর্ধিত মানসুরা আক্তার
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোণা। 

একসময় যে বিদ্যালয়ের বেঞ্চে বসে পড়াশোনা করেছেন, আজ সেই বিদ্যালয়েই সংসদ সদস্য হিসেবে সংবর্ধিত হলেন মানসুরা আক্তার। দীর্ঘদিন পর শৈশবের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর উষ্ণ ভালোবাসায় সিক্ত হন তিনি।
​মঙ্গলবার (৪ আগস্ট) নেত্রকোণার পূর্বধলার দেওটুকোন আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারকে এই সংবর্ধনা দেওয়া হয়। 

তিনি ২০০৯ সালে এই বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেছিলেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মানসুরা আক্তার। অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছা ও আদিবাসী নৃত্যের মাধ্যমে তাঁকে বরণ করে নেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন তিনি। এরপর পবিত্র কোরআন ও গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক অলক চক্রবর্তী।
​অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে সংসদ সদস্য মানসুরা আক্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় ব্যক্তিবর্গ তাঁদের স্মৃতিচারণ করেন।

​আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল গণি তালুকদারের ছেলে সাইদুল ইসলাম তালুকদার ও নজরুল ইসলাম তালুকদারসহ আরও অনেকে। বক্তারা বলেন, এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, যা বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। তাঁর এই অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
​দীর্ঘদিন পর নিজ বিদ্যালয়ে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন মানসুরা আক্তার। শিক্ষাজীবনের স্মৃতি তুলে ধরে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, "মানুষের জীবনে শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান কখনো ভোলার নয়। একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পেছনে শিক্ষক ও পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি।" এ সময় তিনি শিক্ষার্থীদের শুধু ভালো শিক্ষার্থী নয়, বরং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার ও পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

​শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতিতে পুরো আয়োজনটি একপর্যায়ে মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে দেশাত্মবোধক গান ও নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ