ad728

পরশুরামে রাতের আঁধারে ভেঙে গুড়িয়ে দেয়া হলো প্রবাসীর নির্মাণাধীন ঘর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পরশুরামে রাতের আঁধারে ভেঙে গুড়িয়ে দেয়া হলো প্রবাসীর নির্মাণাধীন ঘর 
পরশুরাম প্রতিনিধি:

ফেনীর পরশুরামে  চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে ইতালিপ্রবাসী ফজলুল করিম শহীদের নির্মাণাধীন ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, পিকআপে করে ১৫ থেকে ২০ জন লোক এসে তাঁর নির্মাণাধীন ঘরের ইট ভেঙে গুঁড়িয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে অভিযুক্তরা চলে যান।

ফজলুল করিম শহীদ জানান, তিনি দীর্ঘদিন ধরে ইতালিতে থাকেন। বাড়িতে লোকজন না থাকার সুযোগে সন্ধ্যার পর একদল লোক সেখানে গিয়ে ঘরটি ভাঙচুর করে। এ ঘটনায় তিনি আইনগত প্রতিকার চান।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই অভিযুক্তরা চলে যান। ভুক্তভোগী অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে একই বাড়ির বাসিন্দা ফজলুল করিম শহীদ ও প্রতিবেশী মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর মধ্যে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ শুরু হয়। শহীদ তাঁর পৈতৃক জমিতে দেয়াল নির্মাণ করে গাড়ি রাখার জায়গা করতে গেলে এ বিরোধ দেখা দেয়।

শহীদের দাবি, জমিটি তাঁদের নামে খতিয়ানভুক্ত। ইয়াসিন চৌধুরীদের বাড়ির পশ্চিম পাশে ফেনী-পরশুরাম সড়কের সঙ্গে সংযুক্ত প্রায় ১৬ ফুট প্রশস্ত গেট ও চলাচলের রাস্তা রয়েছে। ওই পথ দিয়ে যাতায়াতের সুযোগ থাকলেও তাঁকে নিজের জমিতে নির্মাণকাজে বাধা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, ইয়াসিন চৌধুরীর অভিযোগ, পূর্বপুরুষদের আমল থেকে তাঁরা ওই জায়গা দিয়ে চলাচল করে আসছেন। তাঁর দাবি, জমিটির মালিকানা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও হুমায়ুন কবির, মো. ইউনুছ ওরফে টিপু এবং ফজলুল করিম শহীদ বহিরাগত লোকজন নিয়ে দেয়াল নির্মাণ করে তাঁদের চলাচলের পথ বন্ধ করে দেন। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

একই বাড়ির বাসিন্দা মো. ইউনুছ বলেন, দেয়াল নির্মাণের জায়গাটি প্রবাসী শহীদদের এবং পিলার দিয়ে জমির সীমানা চিহ্নিত করা আছে। ইয়াসিন চৌধুরীর অভিযোগ নাকচ করে তিনি বলেন, বাড়ির পূর্ব পাশের দেয়াল ও ফটকের কারণে ওই দিক দিয়ে চলাচল করা যায় না। আগে পশ্চিম পাশ দিয়ে যাতায়াত করা হলেও সেখানে দেয়াল ও ফটক নির্মাণের কারণে চলাচল বন্ধ হয়েছে। তাঁর দাবি, শহীদ কারও চলাচলের রাস্তা বন্ধ করেননি।

বাড়ির বয়োবৃদ্ধ বাসিন্দা সাহেদা আক্তার বলেন, পশ্চিম পাশের জায়গাটি আগে খোলা ছিল। কয়েক বছর আগে ইয়াসিন চৌধুরী দুটি গেট নির্মাণ করে ওই পথ বন্ধ করে দেন বলে তাঁর দাবি। দীর্ঘদিন চলাচল বন্ধ থাকার পর শহীদ নিজের জায়গায় দেয়াল নির্মাণ করেছেন।

শহীদের জ্যাঠাতো ভাই সাংবাদিক ছবির আহমেদ ফোরকান বলেন, জায়গাটি তাঁদের মুরসি সম্পত্তি। সিএস ও বিএস খতিয়ানসহ প্রয়োজনীয় কাগজপত্রে জমিটি তাঁদের নামে রয়েছে। তাঁর দাবি, ইয়াসিন চৌধুরীদের বাড়ির পশ্চিম পাশে চলাচলের রাস্তা থাকলেও তাঁরা অযথা অভিযোগ করছেন।

স্থানীয় বাসিন্দা আজিম উদ্দিন বলেন, ইয়াসিন চৌধুরীদের বাড়ির দুই পাশের গেট খুলে দিলে মানুষ চলাচল করতে পারবেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ