খেলনা পিস্তল নিয়ে জনমনে আতঙ্ক: ডোপ টেস্টে মাদক সেবনের লক্ষণ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
ধোবাউড়ায় খেলনা পিস্তল নিয়ে জনমনে আতঙ্ক: ডোপ টেস্টে মাদক সেবনের লক্ষণ, ভ্রাম্যমান আদালতে ১ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা
মোঃ শামসুল হক (ইমন) স্টাফ রিপোর্টার- ময়মনসিংহ।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বাজার এলাকায় খেলনা পিস্তল প্রদর্শন করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে আটক এক ব্যক্তির ডোপ টেস্টে মাদক সেবনের লক্ষণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্তকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঘোষগাঁও বাজার এলাকায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তোফাজ্জল (৪০), পিতা- নবী হোসেনকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি খেলনা পিস্তল প্রদর্শন করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছিলেন। খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তার ডোপ টেস্ট (মাদক শনাক্তকরণ পরীক্ষা) সম্পন্ন করে। পরীক্ষার ফলাফলে মাদক সেবনের লক্ষণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আদালত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাকে আরও কারাভোগ করতে হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
ধোবাউড়া থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, খেলনা পিস্তল ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং মাদক সেবনের অভিযোগ—দুই বিষয়ই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানিয়েছে, সমাজে মাদক, সন্ত্রাস ও জনমনে আতঙ্ক সৃষ্টি করে এমন কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :