পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, সরকারি কাজে বাধা আহত ১
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
কমলনগর তোরাবগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, সরকারি কাজে বাধা আহত ১
কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর)থেকে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারের উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জায়গা অবৈধভাবে দখল করে গড়ে ওঠা দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে এই ঝটিকা ও সাহসী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
কমলনগর উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাদুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল পানি উন্নয়ন বোর্ডের জায়গা জোরপূর্বক দখল করে সেখানে পাকা ও আধাপাকা দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে উচ্ছেদ কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করলে এক অবৈধ দখলদার আহত হন । তবে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাদুজ্জামান সাংবাদিকদের বলেন, “যেখানে যেখানে অবৈধ দখল রয়েছে, সেগুলো সবই আমরা উচ্ছেদ করব। জোর করে কেউ সরকারি জায়গা দখল করতে পারবে না। সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে।”
উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) মো. আব্দুর রহিমসহ পাউবোর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও সরকারি সম্পত্তি অবৈধ দখলের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :