লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে
ডেস্ক রিপোর্ট :
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ দেন।
আবদুল লতিফ সিদ্দিকী
এর আগে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের গোলটেবিল বৈঠক থেকে পুলিশ তাদের হেফাজতে নেয়। মামলার তথ্য অনুযায়ী, বৈঠকে লতিফ সিদ্দিকীসহ ৭০-৮০ জন উপস্থিত ছিলেন। এক পর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হয় এবং উপস্থিত কিছু লোক তাদের ঘিরে ধরে ‘আওয়ামী ফ্যাসিস্ট’ বলে স্লোগান দিতে শুরু করে।
আজ আদালতে তোলা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
লতিফ সিদ্দিকী ছাড়া কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন– মো. আব্দুল্লাহ আল আমিন, শেখ হইলাফিজুর রহমান কার্জন, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, মঞ্জুরুল আলম, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. আমির হোসেন সুমন, মো. তৌছিফুল বারী খান, মো. জাকির হোসেন, মো. আল আমিন, সৈয়দ শাহেদ হাসান, মো. নাজমুল আহসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী এবং মো. আব্দুল্লাহীল কাইয়ুম।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ সংগঠনটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করে। কিন্তু এই ব্যানার ব্যবহার করে লতিফ সিদ্দিকী প্রকৃতপক্ষে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের জন্য প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছিলেন। তদন্ত চলাকালে আসামিদের কারাগারে রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :