রাঙ্গামাটির কাপ্তাইয়ে পা'চা'র'কা'লে বি'র'ল ‘মা'লা'য়'ন না'ই'ট হি'রো'ন’ উ'দ্ধা'র।
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাচারকালে বিরল ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার।
চাই সুই উ মারমা। রাঙ্গামাটি প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির বক ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাখিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পাখিটিকে উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।
কাপ্তাই রেঞ্জ অফিসার মো. মামুনুর রহমান জানান, বন বিভাগের একটি দল অফিস সহকারী ওসমান গণিকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করে। তিনি বলেন, “উদ্ধারকৃত পাখিটি বিরল প্রজাতির। আমরা এরই মধ্যে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি।”
তিনি আরও জানান, পরবর্তী চিকিৎসার জন্য পাখিটিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া অ্যাভিয়ারি পার্কে হস্তান্তর করা হয়েছে। সেখানে চিকিৎসা শেষে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া বন বিভাগের সদস্য ওসমান গণি বলেন, “পাচারকারীরা পাখিটি নিয়ে ব্যাঙছড়ি ঘাট এলাকায় অবস্থান করছিল। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।”
বন বিভাগ সূত্রে জানা গেছে, ‘মালায়ন নাইট হিরোন’ বাংলাদেশে খুব কম দেখা যায় এবং এটি একটি বিরল প্রজাতির পাখি। এ ঘটনায় পাচারকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
উদ্ধার হওয়া পাখিটি বিকেল ৪টার দিকে সহকারী বন সংরক্ষক মো. জামাল উদ্দিনসহ বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে রাঙ্গুনিয়া অ্যাভিয়ারি পার্কে হস্তান্তর করা হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :