ad728

ঢাকার একটি আসনে বিএনপির প্রার্থী হতে চান স্নিগ্ধ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ঢাকার একটি আসনে বিএনপির প্রার্থী হতে চান স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
বিএনপিতে যোগ দিয়েছেন তিন দিন হলো। এরইমধ্যে দলটি থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ করলেন জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ঢাকার একটি আসন থেকে বিএনপির প্রার্থী হতে চান তিনি।
 
শনিবার (৮ নভেম্বর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই ইচ্ছার কথা জানান স্নিগ্ধ। 
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এও বলেন, তরুণদের নিয়ে রাজনৈতিকভাবে কাজ করার বড় পরিসর তৈরি করতেই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।

ওই সাক্ষাৎকারে স্নিগ্ধ জানান, ‘যদি কখনো সুযোগ হয়, তাহলে আমি উত্তরাকেন্দ্রিক যে আসনটি রয়েছে, সেখানে কাজ করার জন্য চাইব।’ 

তিনি বলেন, ‘নিঃসন্দেহে বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় দল বিএনপি। আমার কাছে মনে হয়েছে, এই দলের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে আরও বড় পরিসরে তরুণদেরকে নিয়ে কাজ করার সুযোগ পাব। রাজনৈতিক সংস্কৃতি বদলানোর জন্য আরও বড়ভাবে আমি বিএনপির থেকে সুযোগটি কাজে লাগাতে পারব।’

আনুষ্ঠানিকভাবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর বিএনপিতে যোগ দেওয়ার মুহূর্ত।
স্নিগ্ধ বলেন, ‘আপনারা জানেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমার পুরো জীবনকে পাল্টে দিয়েছে। আমার যমজ ভাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ উত্তরাতে শহীদ হয়েছেন। উত্তরা-আজমপুরে আমরা ছোট থেকে বড় হয়েছি। তাই আমার সব থেকে বেশি কাজ করার আগ্রহ উত্তরাকেন্দ্রিক যে আসনটি রয়েছে সেই আসনটি নিয়ে।’

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ‘সামনের যে জাতীয় নির্বাচনটি রয়েছে, সেটিতে আমি প্রত্যাশা করি, একটি ইতিবাচক প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। যেখানে কোনো মারামারি, হানাহানি হবে না। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে এই নির্বাচনটিকে উৎসবমুখর করবে। নির্বাচনের ক্ষেত্রে, যার যার দলীয় স্বার্থের ক্ষেত্রে একজন আরেকজনের প্রতিপক্ষ হলেও দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবে, এটাই আমি আশা করি।’

এর আগে গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন স্নিগ্ধ। এসময় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গণঅভ্যুত্থানে শহীদগুলো পরিবার ও আহতদের সহায়তায় জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়। স্নিগ্ধকে সেটির সিইও করে অন্তর্র্বতী সরকার। তবে কিছুদিন পরই তিনি সেই পদ থেকে ইস্তফা দেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ