নেত্রকোনায় শিশু হত্যায় আটক ৪
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নেত্রকোনায় শিশু হত্যায় আটক ৪
মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।
নেত্রকোনার মোহনগঞ্জে আত্মীয়ের ঘর থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। উপজেলার বরান্তর গ্রামে ৩০ মার্চ (সোমবার) বিকালে মরদেহ উদ্ধার হয়। ৩১ মার্চ (মঙ্গলবার) দুপুরে চারজনকে আটক করা হয়েছে।
নিহত তিন বছরের অংকিত বর্মন ওই গ্রামের সাগর বর্মনের ছেলে।
পরিবারসূত্রে জানা গেছে, সাগর বর্মন ঢাকায় একটি পোশাক কারখানার কর্মী। পরিবার নিয়ে ঢাকাতেই থাকেন। এক সপ্তাহ আগে দাদীর সঙ্গে গ্রামের বাড়ি আসে অংকিত। সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল সে। দাদী ছিলেন পাশের বাড়িতে। ফিরে এসে নাতিকে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন তিনি। এক পর্যায়ে পাশের বাড়ির ঘরের ভেতর বিছানায় গলাকাটা অবস্থায় অংকিতকে দেখেন। ওই বাড়িতে থাকেন তাদেরই আত্মীয় সুকুমার বর্মন।
স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ থানায় নেয়।
অংকিতের চাচা সোহাগ বর্মন বললেন, ‘আমরা বাড়ির আশপাশে কাজ করছিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে অংকিতকে না পেয়ে আমার মা খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে পাশের বাড়িতে আমার বাবার মামাতো ভাই সুকুমার বর্মনের ঘরে গলাকাটা অবস্থায় অংকিতকে পাওয়া যায়। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।
জিজ্ঞাসাবাদের জন্য সুকুমার বর্মনের বাড়ির চারজনকে আটক করা হয়েছে জানালেও তাদের পরিচয় প্রকাশ করেনি মোহনগঞ্জ থানা পুলিশ। দ্রুত হত্যার রহস্য উদঘাটনের আশা করছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।
আপনার মতামত লিখুন :