রাজধানীতে আবার ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাজধানীতে আবার ভূমিকম্প
ডেস্ক রিপোর্ট
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬ টা ১৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১।
আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে। সকালে অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। ঢাকার আগারগাঁওয়ের ৩৮ কিলোমিটার উত্তর–পূর্বে নরসিংদীর শিবপুরে এই ভূমিকম্পের উৎপত্তি।
অধিদপ্তর বলছে, হালকা শ্রেণির এ ভূমিকম্পে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার, উৎপত্তি টঙ্গী থেকে ২০ কিলোমিটার পূর্বে।
এর আগে সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন।
সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ডের একটি ভূমিকম্প অনুভূত হয়।
নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে সারা দেশে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও আহত হয়েছেন কয়েক শ মানুষ।
আপনার মতামত লিখুন :