জেলের ছদ্মবেশে টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেলের ছদ্মবেশে টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক
মোহাম্মদ হোসাইন:
কক্সবাজারের টেকনাফে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সীমান্তবর্তী ইশাকের ঘের এলাকায় ৬৪ বিজিবির জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন—টেকনাফের জীম্বংখালী গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. ইমরান হোসেন (২০) ও মৃত জফর আলমের ছেলে রাসেল মিয়া (২১)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, শুক্রবার আনুমানিক বেলা ২টা ৫০ মিনিটে নিয়মিত টহলের সময় সীমান্তবর্তী ইশাকের ঘের এলাকায় মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে মাছের ঝুড়ি হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সন্দেহ হয়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুজনকে আটক করা হয়।
তাদের হাতে থাকা মাছের ঝুড়িতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের চার কার্টনে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে বিজিবির কাছে স্বীকার করেছে বলে জানানো হয়েছে।
৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
আপনার মতামত লিখুন :