আফগানদের কাছে পর পর দুই ম্যাচ হারলেন ক্যাপটেন মিরাজ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আফগানদের কাছে পর পর দুই ম্যাচ হারলেন ক্যাপটেন মিরাজ
স্পোর্টস ডেস্ক
ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের ব্যাটে সেই বিপর্যয় সামলে ঘুরে দাঁড়ায় টাইগাররা। দুজনের শতরানের জুটিতে বড় সংগ্রহের স্বপ্নও দেখছিল দল। কিন্তু রান আউটে হৃদয় কাটা পড়তেই ব্যাটিংয়ে ফের ধস নামে। লোয়ার মিডল অর্ডার ব্যাটাররা উইকেটে এসে দাঁড়াতেই পারেননি। তাতে আড়াই'শর আগেই অলআউট হয়ে যায় লাল-সবুজের দল।
বুধবার (৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৮.৫ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। অধিনায়ক মিরাজ ৮৭ বলে ১টি করে চার ও ছক্কায় ৬০ রান করেন। এছাড়া হৃদয় খেলেন ৮৫ বলে ৫৬ রানের ইনিংস। বোলিংয়ে আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই।
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাট করতে নেমে কোনো সুবিধা করতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম। ইনিংসের চতুর্থ ওভারে আফগান পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১০ বল খেলে ২ বাউন্ডারিতে ১০ রান করেছেন তিনি।
তিনে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ষষ্ঠ ওভারের প্রথম বলে আজমতউল্লাহর বলে রীতিমতো বোকা বনে যান শান্ত। ড্রাইভ করতে গিয়ে মিড অফে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদির হাতে ক্যাচ দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। সাজঘরে ফেরার আগে ৫ বলে ২ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।
২৫ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। অভিষেকে দারুণ শুরু করেছিলেন সাইফ। তবে পাওয়ার প্লে শেষেই ধৈর্য্য হারান তিনি। ১২তম ওভারে নাঙ্গেয়ালিয়া খারোতি বলে বড় শট খেলতে গিয়ে সীমানার কাছে রশিদ খানের হাতে ক্যাচ দিয়েছেন। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ২৬ রান করেছেন এই ওপেনার।
এরপর চতুর্থ উইকেট জুটিতে ১০১ রান যোগ করেন মিরাজ ও হৃদয়। ৭৫ বলে ক্যারিয়ারের দশম ও টানা তিন ওয়ানডে ফিফটি তুলে নেন হৃদয়। আজকের ফিফটির আগে গত জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজের শেষ দুই ওয়ানডেতেও ফিফটি করেছিলেন হৃদয়। এই মাইলফলক ছুঁয়ে আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৫৬ রান করে রান আউট হয়েছেন তিনি।
দায়িত্ব নিয়ে ব্যাটিং করছেন অধিনায়ক। ৭৪ বলে ব্যক্তিগত ফিফটি পেয়েছেন তিনি। সবমিলিয়ে ৬০ রান এসেছে তার ব্যাট থেকে। এই দুই সেট ব্যাটার ফেরার পর আবারো পথ হারায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে টানা ব্যর্থ জাকের ওয়ানডেতে এসেও এই বৃত্ত ভাঙতে পারেননি। ১৬ বলে ১০ রান করে ফিরেছেন তিনি।
জাকেরের পথে হেঁটেছেন আরেক উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। ১৪ বল খেলে তিনি করেছেন ৭ রান। এই দুজনের দায়িত্বহীন ব্যাটিংয়ে বিপদে পড়ে দল। শেষদিকে তানজিম সাকিবের ১৭, আর তানভির ইসলামের ১১ রানের সুবাদে ২২১ রান তুলে অলআউট হয় বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :